আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৩ সালে শচিন টেন্ডুলকার অবসর নেওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ে নতুন প্রতিভা হিসেবে উঠে আসেন বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করলেও কোহলি কখনোই নিজেকে টেন্ডুলকরের সমতুল্য মনে করেন না।
সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রকাশিত এক ভিডিওতে দ্রুত প্রশ্নোত্তর পর্বে কোহলিকে জিজ্ঞেস করা হয়, টেন্ডুলকরের কাছ থেকে একটি জিনিস নিতে চাইলে তিনি কী নিতেন। কোহলি বলেন, তিনি তেন্ডুলকরের বিখ্যাত ‘ল্যাপ শট’ নিজের ঝুলিতে ভরতে চান।
কোহলি বলেন, ‘সবকিছুই নিতে চাই। তবে একটি জিনিস যদি নিতে হয়, তাহলে ল্যাপ শট। তিনিই প্রথম স্পিনারদের এত নিখুঁতভাবে ল্যাপ করা শুরু করেছিলেন। শটটি ছিল খুবই মসৃণ, কখনোই তাড়াহুড়া মনে হতো না। আমি এসব শট খেলতে গিয়ে এলোমেলো হয়ে যাই। তাই তার সেই মসৃণ ল্যাপ শটটাই চাই।’
২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেন্ডুলকর মিডিয়াম পেসারদের বিপক্ষেও দক্ষতার সঙ্গে ল্যাপ শট খেলেছেন। বিশেষ করে ফাইন লেগে ফিল্ডার ভেতরে থাকলে তিনি সেটিকে কাজে লাগিয়ে সহজেই রান তুলতেন।
ভিডিওতে কোহলিকে আরও জিজ্ঞেস করা হয়, অন্য তারকাদের কোন গুণ তিনি নিজের মধ্যে পেতে চান। জবাবে তিনি বলেন, এমএস ধোনির পরিতৃপ্তি, শাহরুখ খানের বিনয় এবং ক্রিস্তিয়ানো রোনালদোর শৃঙ্খলা তার পছন্দ।
কোহলিকে শিগগিরই দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুমে মাঠে নামবে আরসিবি। গত আসরে ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গে তার জুটি দলকে একাধিক ম্যাচে শক্ত ভিত এনে দিয়েছিল। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য কোহলির।











