জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তর্জাতিক আয়োজনে সহ-আয়োজকের মর্যাদা পেয়েছে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
গণতন্ত্রের প্রাণকেন্দ্র লন্ডনের সেন্ট্রাল হল, ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তর্জাতিক আয়োজনে সহ-আয়োজকের মর্যাদা অর্জন করেছে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। মানবতা, শান্তি ও বৈশ্বিক সহযোগিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান অর্জন করে ফাউন্ডেশনটি।
জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বশান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সহ-আয়োজক হিসেবে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অন্তর্ভুক্তি বাংলাদেশের মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক মানবিক কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন, এই অর্জন কোনো একক প্রতিষ্ঠানের নয়; এটি বাংলাদেশের মানবিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অঙ্গীকারের সম্মিলিত স্বীকৃতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরো, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবকসহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া (সিআইপি), তার দুই কন্যা জান্নাতুন নূর ও জান্নাতুন নাঈম।
উল্লেখ্য, ৫৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটির বৈশ্বিক গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে। ইউএনএ-ইউকে (UNA-UK) কর্তৃপক্ষ ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করে।











