জাপান সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) টোকিও ও সিউল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির উপকূলরক্ষী বাহিনী জানায়, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যা ইতোমধ্যে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে গিয়ে পড়ে।
এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, তারা সিউলের পূর্ব সাগরের দিকে একটি সন্দেহজনক ‘প্রক্ষেপণ’ শনাক্ত করেছে।
বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া নির্ভুল হামলার সক্ষমতা উন্নত করা, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি বার্তা দেওয়া এবং সম্ভাব্যভাবে রাশিয়ায় অস্ত্র রপ্তানির আগে পরীক্ষা চালাচ্ছে।
উল্লেখ্য, পিয়ংইয়ং শিগগিরই ক্ষমতাসীন দলের একটি গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে, যা গত পাঁচ বছরের মধ্যে প্রথম। সম্মেলনের আগে নেতা কিম জং উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আধুনিকীকরণ জোরদারের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।











