দুই দফা ব্যর্থতার পর অবশেষে আলোচনায় এসেছে নতুন ইউরোপীয় টি-টোয়েন্টি লিগ। আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল), যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। লিগটির অন্যতম প্রতিষ্ঠাতা বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
আইরিশ, স্কটিশ ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সমর্থন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনে শুরু হতে যাওয়া এই লিগের মূল লক্ষ্য ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়ানো।
সিডনিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নাম ঘোষণা করা হয়। আমস্টারডাম দলের মালিকানায় রয়েছেন স্টিভ ওয়াহ এবং পাঁচবারের আন্তর্জাতিক হকি ফেডারেশন বর্ষসেরা খেলোয়াড় জেমি ডোয়্যারসহ একটি বিনিয়োগকারী গোষ্ঠী। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
এছাড়া এডিনবরার দল কিনেছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার নাথান ম্যাককালাম ও কাইল মিলস। লিগটিতে ইউরোপের বিভিন্ন শহরের প্রতিনিধিত্বকারী দল অংশ নেবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘ইউরো টি–টোয়েন্টি স্ল্যাম’ নামে ২০১৯ সালে এই লিগ চালুর প্রথম উদ্যোগ ব্যর্থ হয়। পরে গত বছর দ্বিতীয়বারের মতো সূচি পিছিয়ে যায়। তবে এবার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগস্টেই মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ।











