দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে বিনতে জেবিল শহর। কাতারভিত্তিক গণমাধ্যম সোমবার (২ মার্চ) সকালে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এত বিশাল এলাকার জন্য জারি করা সতর্কতা গাজায় গণহত্যা চালানোর সময় ইসরায়েল কর্তৃক জারি করা গণ-স্থানচ্যুতির আদেশেরই প্রতিফলন।
অপরদিকে, আল জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। উত্তর লেবাননে রকেট হামলার পর হিজবুল্লাহর ওপর এ হামলা চালানো হয়েছে।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুই দিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের দখলদার বাহিনী পাল্টা হামলা চালিয়েছে।
এছাড়া ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননের আরও এক কেন্দ্রীয় নেতার ওপর হামলা করা হয়েছে।











