টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তান কঠিন সমীকরণের মুখোমুখি। ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের পরাজয় তাদের সেমিফাইনালের পথ কঠিন করেছে। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে পিছিয়ে থাকা সালমান আলী আঘার দলের আশা এখনও শেষ হয়নি।
গ্রুপ–২ থেকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাকি একটি স্থানের জন্য লড়ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। পাকিস্তান দুই ম্যাচ খেলেছে, অন্য দুই দল এখনো একটি করে ম্যাচ বাকি রেখেছে।
সম্ভাবনা এক: জয় + অন্যের হার
পাকিস্তানকে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি চাই, নিউজিল্যান্ড যেন তাদের বাকি দুই ম্যাচের মধ্যে দুটোই হারে—একটি ইংল্যান্ডের কাছে, অন্যটি শ্রীলঙ্কার কাছে। এই সমীকরণ মিললে নিউজিল্যান্ড শেষ করবে ১ পয়েন্টে, শ্রীলঙ্কা পাবে ২ পয়েন্ট, আর পাকিস্তান জয়ের মাধ্যমে পৌঁছে যাবে ৩ পয়েন্টে এবং সেমিফাইনাল নিশ্চিত করবে।
সম্ভাবনা দুই: নেট রানরেটের লড়াই
যদি নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচের মধ্যে একটি মাত্র জয় লাভ করে, তখন কিউইদের পয়েন্ট হবে ৩। পাকিস্তানকে তখন শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রানরেটে এগিয়ে গিয়ে শেষ চারে যেতে পারে।
পাকিস্তানের শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের ম্যাচের একদিন পর, ২৮ ফেব্রুয়ারি। ফলে কিউইদের ফল জানা মাত্রই তারা মাঠে নামবে, যাতে প্রয়োজনীয় রান বা সমীকরণ অনুযায়ী খেলা সাজাতে পারে।
সব মিলিয়ে, সমীকরণ কঠিন হলেও আশা এখনও বেঁচে আছে। মাঠে সেরা পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যও পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ।











