ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোগোদুখিভ শহরে রাশিয়ার এক ভয়াবহ ড্রোন হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু ও তাদের বাবা রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রসিকিউটর কার্যালয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রুশ সীমান্তের কাছাকাছি অবস্থিত বোগোদুখিভ শহরের একটি আবাসিক বাড়িতে ড্রোনটি আঘাত হানে। এতে বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় দুই বছর বয়সী এক কন্যাশিশু, এক বছর বয়সী যমজ দুই পুত্রশিশু এবং তাদের ৩৪ বছর বয়সী বাবার মরদেহ। হামলায় গুরুতর আহত হন শিশুদের মা, যিনি আট মাসের গর্ভবতী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাম্প্রতিক সময়ে খারকিভ অঞ্চলে বেসামরিক ঘরবাড়ি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনীর হামলা বেড়েছে। প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধে এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হলেও চূড়ান্ত শান্তি চুক্তির বিষয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।
জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্যমতে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, ২০২৫ সাল ছিল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ বছর, যেখানে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই দাবি করে আসছে যে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তবে এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।











