ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়া বিষয়ক অভিজ্ঞ কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেক্রামান্টো শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।
এছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন–এর সভাপতি তাবিথ আউয়াল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ পৃথক পোস্টে তার অবদানের কথা স্মরণ করেন।
উইলিয়াম বি মাইলামের মেয়ে এবং প্রিন্সটন ইউনিভার্সিটি–এর অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর সময় তিনি ঢাকায় নিযুক্ত ছিলেন। তার কূটনৈতিক জীবনে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।











