দক্ষিণ ফিলিপিন্সের বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রবিবার দিবাগত মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা থেকে দক্ষিণ সুলুর জোলো দ্বীপের উদ্দেশে যাত্রাকালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফিলিপিন্স কোস্টগার্ড (পিসিজি) জানায়, জাম্বোয়াঙ্গা বন্দর ছাড়ার প্রায় চার ঘণ্টা পর ফেরিটি বিপদ সংকেত পাঠায়।
ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। বাসিলান প্রদেশের উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল (প্রায় দুই কিলোমিটার) দূরে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড। দুর্ঘটনার সময় আবহাওয়া অনুকূলে ছিল।
প্রাথমিকভাবে জীবিত উদ্ধার হওয়া অনেক যাত্রীকে নিকটবর্তী বালুক-বালুক দ্বীপে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, ফেরি ডুবে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। ফেরিটি যাত্রার আগে কোস্টগার্ডের ছাড়পত্র পেয়েছিল এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়নি বলেও দাবি করা হয়।
উল্লেখ্য, ফিলিপিন্সে ঘন ঘন ঝড়, ফিটনেসবিহীন জাহাজ ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। এর আগেও দেশটিতে একাধিক ফেরি ও জাহাজডুবির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।











