মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েলি সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মার্কিন হামলার তীব্র সমালোচনা করে বলেন, এটি আন্তর্জাতিক কূটনীতির জন্য এক ‘চরম বিশ্বাসঘাতকতা’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ধরনের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে। এদিন সকালে ইরানের অভ্যন্তরে আকাশ ও সমুদ্রপথে যৌথ হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে এই সামরিক অভিযানের কথা স্বীকার করেছেন।











