মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রকে গত বছরের ইইউ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। রবিবার এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, ২৭ সদস্য দেশের পক্ষে তারা আশা করে ওয়াশিংটন বাণিজ্য চুক্তির শর্তাবলি পালন করবে এবং পদক্ষেপ নেওয়ার বিষয়ে পূর্ণ স্বচ্ছতা রাখবে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করে। তবে ট্রাম্প তাৎক্ষণিকভাবে সব দেশের ওপর অস্থায়ীভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং পরদিন তা ১৫ শতাংশে উন্নীত করেন।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গঠনের পরিবেশ অনুকূল নয়। কমিশনের ভাষায়, ‘একটি চুক্তি মানে চুক্তিই’। এর আগে কমিশন তুলনামূলক সংযত প্রতিক্রিয়ায় জানিয়েছিল, তারা সুপ্রিম কোর্টের রায়ের ফলাফল পর্যালোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।











