লেবাননের ত্রিপোলি শহরে সোমবার দুইটি পুরনো আবাসিক ভবন ধসে পড়ে। দেশটির উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে ভবন দুটিতে মোট কতজন মানুষ ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই ভবনগুলোতে অন্তত ২২ জন বাস করতেন। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
ত্রিপোলি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর। স্থানীয় পৌর কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে সেখানে বেশ কয়েকটি পুরনো ভবন ধসে পড়েছে। বছরের পর বছর ধরে ভবনগুলোর রক্ষণাবেক্ষণ না করা এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।











