আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে—এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল ম্যাচ চলাকালে সম্প্রচারক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গ্যালারিভর্তি দর্শকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, সেটি এই উপস্থিতিই প্রমাণ করে। অথচ যোগ্যতা অর্জন করেও বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরপেক্ষ ভেন্যুর দাবিতে বাংলাদেশ আইসিসির কাছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়। প্রয়োজনে গ্রুপ পরিবর্তনের কথাও জানানো হয়।
তবে বাংলাদেশের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আইসিসি। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে সংস্থাটি। বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত সময়ের মধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ।
এর ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার আছে। কিন্তু সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সময়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ক্রিকেটারদের সাহস জোগাবে এবং বিশ্ব ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।’











