বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন গুঞ্জনের মধ্যেই ভিন্ন ইঙ্গিত মিলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যক্রমে। ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমানের টিকিট বুক করেছে।
টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সালমান আলী আঘারের নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একসঙ্গে কলম্বো সফর করবে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলছে, বাংলাদেশের মতো করে বিশ্বকাপ বর্জনের পথে যাচ্ছে না পিসিবি।
এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের বিষয়টি তারা বিবেচনায় রাখতে পারেন। তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, তা আইসিসির সভায় ১৪–২ ভোটে বাতিল হয়ে যায়।
পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নাকভি। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কূটনৈতিক সমর্থনের কথা জানালেও, সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সামরিক কর্মকর্তাসহ সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ও রমিজ রাজাসহ শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির পরামর্শে টুর্নামেন্টে অংশ নেওয়ার দিকেই ঝুঁকেছে পিসিবি। এমনকি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট না করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে—এমন ইঙ্গিতও পাওয়া গেছে।
সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তান দলের বিমানের টিকিট বুক করার খবর বিশ্বকাপ বয়কট নিয়ে চলা জল্পনায় অনেকটাই পানি ঢেলে দিচ্ছে। জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
এদিকে পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যেতে টিম ম্যানেজমেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।











