তরুণ বিস্ময় লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে এলচের মাঠে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগা টেবিলের শীর্ষে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই নিজের প্রতিভার ছাপ রাখেন ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। ষষ্ঠ মিনিটে দানি ওলমোর নিখুঁত থ্রু পাস ধরে এলচে গোলরক্ষক ইনাকি পেনাকে দারুণভাবে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। এই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা।
তবে ২৯ মিনিটে বার্সেলোনার হাই ডিফেন্স লাইনের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে এলচে। আলভারো রদ্রিগেজ একা ছুটে গিয়ে দূরের কর্নারে নিখুঁত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের।
ম্যাচের ৪০ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে ফেরান তোরেসের জোরালো শটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধ শেষ হয় ২–১ গোলের লিড নিয়ে।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইয়ামালদের দখলেই। ডান প্রান্তে একের পর এক আক্রমণে এলচের রক্ষণভাগে ভাঙন ধরান এই তরুণ উইঙ্গার। এরই ফল আসে ৭২তম মিনিটে। ইয়ামালের নিচু পাস থেকে সহজ ট্যাপ-ইনে গোল করেন বদলি নামা মার্কাস রাশফোর্ড।
গোলের পাশাপাশি আক্রমণ তৈরিতেও ছিলেন অনবদ্য ইয়ামাল। ম্যাচজুড়ে একাধিক সুযোগ সৃষ্টি করে এলচের রক্ষণকে চাপে রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল বার্সেলোনার শেষ ১৬ ম্যাচে ১৫তম জয়।
এই ফলাফলে শিরোপা দৌড়ে বড় বার্তা দিল হান্সি ফ্লিকের দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ওপর চাপ আরও বাড়ল। এক ম্যাচ কম খেলা রিয়াল রবিবার নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে।











