ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলো। একই সঙ্গে জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করা হয়েছে।
শনিবার পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো প্রবাসীদের সামরিক স্থাপনা, ঘাঁটি ও সংবেদনশীল এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানায়। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হয়েছে।
যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এমন বিভিন্ন স্থানে হামলা শুরু করেছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইন-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল ছবি বা ভিডিও প্রকাশ এবং যাচাইবিহীন তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ দেশটির প্রচলিত আইনে ভ্রান্ত বা উসকানিমূলক তথ্য প্রচার দণ্ডনীয় অপরাধ।
দূতাবাসগুলো প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র ও সামগ্রী—যেমন পাসপোর্ট, এমিরেটস আইডি, নগদ অর্থ, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার—নিজের কাছে রাখার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনীয় ভিড় বা খোলা জায়গায় অবস্থান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে প্রবাসীদের নিজ নিজ দেশের বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।











