নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সঠিক ও ন্যায্য বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেছেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কট করে, তাহলে তিনি সেই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন দেবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই আবেদন নাকচ করে সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।
এতে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসির সঙ্গে সংস্থাটির টানাপড়েন আরও বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে। এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও প্রকাশ্যে বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দেন।
যদিও এখনো পর্যন্ত পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেভাগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে তিনি সেই সিদ্ধান্তের পক্ষেই থাকবেন।
টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্ত অবস্থান নিয়েছে। এটি একটি কঠিন সিদ্ধান্ত হলেও আমি এমন সিদ্ধান্তের পক্ষেই থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিতেই অটল থাকা উচিত।’
আইসিসির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন শেঠি। তার অভিযোগ, বড় বড় সিদ্ধান্তে আইসিসি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, ‘আইসিসির উচিত প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা। এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’
বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদন আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। শেঠির মতে, বিসিবির নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল যৌক্তিক, কিন্তু আইসিসি বিষয়টি যথাযথ গুরুত্ব দেয়নি।











