ভারতে খেলতে অস্বীকৃতি জানালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
আইসিসি বোর্ডের এক বৈঠকে এ বিষয়ে ভোটাভুটি হয়েছে বলে জানা গেছে। সেখানে বোর্ডের অধিকাংশ সদস্যই বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও একদিন সময় দিয়েছে আইসিসি।
এই সময়ের মধ্যে ভারতে গিয়ে খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাতে হবে বিসিবিকে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে স্পষ্ট অবস্থান জানাতে বলেছে আইসিসি।
নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বাংলাদেশকে বাদ দেওয়া হলে কোন দল সুযোগ পেতে পারে, তা নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য বিকল্প হিসেবে গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে।











