চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র বলেন, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোপন উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে এসেছে। এ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে।
চীনা দূতাবাস জানায়, চীন–বাংলাদেশ সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে। এই সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশ ও তাদের জনগণের নিজস্ব বিষয়, যেখানে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা মন্তব্য করার অধিকার নেই।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বাংলাদেশের স্থিতিশীলতা এবং আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত।
উল্লেখ্য, ঢাকায় দায়িত্ব গ্রহণের পর বুধবার সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি জানান, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করবেন।
এর আগেও গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগ শুনানিতে একই ধরনের মন্তব্য করেছিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।











