পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। শিরোপা জয়ের পথে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে লাহোরের হয়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। তবে আসন্ন মৌসুমের নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
পিএসএলের ইতিহাসে এবারই প্রথম ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতি চালু হচ্ছে। আগের আসরগুলোতে প্রতিটি দল সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারলেও নতুন নিয়মে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় রিটেনশন দেওয়ার সুযোগ রয়েছে। এই নিয়ম অনুযায়ী লাহোর কালান্দার্স তাদের ধরে রাখা চার খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে—শাহিন শাহ আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) ও মোহাম্মদ নাঈম (সিলভার)। ইমার্জিং ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় ধরে রাখেনি তারা।
গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো অংশ নেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। পুরো আসরে তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি কোনো স্পিনার।
এবারের পিএসএলে নতুন দুটি দল যুক্ত হচ্ছে—হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নস। ফলে ছয় দল থেকে লিগের দলসংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে আটে। ইসলামাবাদ ইউনাইটেড শাদাব খান (প্লাটিনাম), সালমান এরশাদ (গোল্ড) ও আন্দ্রেস গৌসকে (সিলভার) ধরে রেখেছে। ছেড়ে দেওয়া হয়েছে সালমান আগা, নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজের মতো ক্রিকেটারদের।
করাচি কিংস রিটেনশন দিয়েছে হাসান আলী, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি ও সাদ বেগকে। কোয়েটা গ্লাডিয়েটর্স ধরে রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নওয়াজ ও শামিল হোসেনকে। অন্যদিকে পেশোয়ার জালমি ছেড়ে দিয়েছে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাইম আইয়ুবকে। মুলতান সুলতানস এবার কোনো খেলোয়াড়ই ধরে রাখেনি বলে জানিয়েছে।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। নতুন মৌসুম শুরু হবে ২৬ মার্চ, আর ৩ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।











