বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে। একই সঙ্গে প্রথমবারের মতো অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় ঢাকা ও নেপিদোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও তুলে ধরেন।
অন্যদিকে ইউএলএ চেয়ারম্যান ত্বান ম্রাত নাইং তার বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় তিনি আশা করছেন বাস্তবসম্মত, টেকসই এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এই অভিনন্দন বার্তাগুলো ইঙ্গিত দেয়, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষই সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও জানিয়েছেন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকার মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।











