ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলার পর সৃষ্ট বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনি বলেছেন, কাউকে ছোট করা তার উদ্দেশ্য ছিল না, বরং একজন বোলারের দৃষ্টিকোণ থেকে অভিষেকের টেকনিক নিয়ে কথা বলেছেন।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের বড় ব্যবধানে হারের পর একটি পাকিস্তানি টিভি চ্যানেলে কথা বলেন আমির। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, অভিষেক শর্মার ডিফেন্সিভ টেকনিক যথেষ্ট শক্তিশালী নয় এবং কঠিন পরিস্থিতিতে মানসম্মত বোলারদের বিপক্ষে সমস্যায় পড়তে পারেন।
বিতর্কের বিষয়ে আমির বলেন, ‘আমি একজন বোলারের দৃষ্টিকোণ থেকে তার টেকনিক নিয়ে কথা বলেছি। “স্লগার” শব্দটি ব্যবহার করায় অনেকেই কষ্ট পেয়েছে। কিন্তু আমার উদ্দেশ্য তাকে অপমান করা ছিল না।’
তিনি আরও বলেন, ভালো বোলাররা পরিকল্পিতভাবে বল করলে অভিষেক সমস্যায় পড়তে পারেন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার নিয়ন্ত্রিত বোলিংয়ের সময় অভিষেক মানিয়ে নিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
তবে সমালোচনার পাশাপাশি অভিষেকের প্রশংসাও করেন আমির। তিনি বলেন, ‘সে ভালো খেলোয়াড়। খারাপ সময়ের মধ্যেও তার ইতিবাচক মানসিকতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে ধৈর্য ধরে বলের মেরিট অনুযায়ী খেলতে হবে।’
উল্লেখ্য, সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়। অভিষেক শর্মা ১২ বলে ১৫ রান করেন। ভারতের পরবর্তী ম্যাচে তার একাদশে থাকা নিয়ে এখন আলোচনা চলছে।











