থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে কয়েক সপ্তাহের মধ্যে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
চিয়াং মাই প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় মারাত্মক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসযন্ত্রকে মারাত্মকভাবে প্রভাবিত করে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও পাওয়া গেছে।
প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া (PETA Asia) এএফপিকে জানিয়েছে, বাঘগুলো বন্দিদশা, ভয় এবং দুর্দশার মধ্যে জীবন কাটিয়েছে। সংস্থাটি আরও জানায়, পর্যটকের সংখ্যা কমে গেলে এ ধরনের বাণিজ্যিক স্থানগুলো দ্রুত অলাভজনক হয়ে পড়ে, ফলে এ ধরনের নেতিবাচক পরিস্থিতি কম ঘটতে পারে।
জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণীর তুলনায় বাঘের রোগ শনাক্ত করা অনেক বেশি কঠিন। তারা অসুস্থ হওয়ার বিষয়টি বুঝতে পারার আগেই অনেক দেরি হয়ে যায়।
তিনি আরও জানান, চিয়াং মাই প্রদেশের টাইগার কিংডম সাফারি পার্ক-এ এসব বাঘের মৃত্যু হয়েছে। পার্কটির ওয়েবসাইটে দর্শনার্থীদের বাঘ স্পর্শ করা এবং তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হয় বলে উল্লেখ রয়েছে।











