চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের ক্যানঝুয়াং সোনার খনিতে দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ভূগর্ভস্থ লিফটটি ছিঁড়ে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জনকে দেশটির পুলিশ আটক করেছে। কর্তৃপক্ষ জানায়, খনি কম্পানিটি নিয়ম অনুযায়ী সময়মতো দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, যা উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটিয়েছে।
লিফটটি শ্রমিকদের সঙ্গে প্রায় ২৪০ মিটার নিচে পড়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম তৎপরভাবে পরিচালনা করেছে এবং দুর্ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
একই সময়ে চীনের শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় পৃথক বিস্ফোরণে আরও আটজন নিহত হন। এই দুটি ঘটনা চীনের শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি আবারও সামনে এনেছে।











