ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে দেশটির জনমত স্পষ্টভাবে বিভক্ত। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করছেন।
বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে জরিপটি পরিচালনা করে। এতে অংশ নেন ১,২৮২ জন উত্তরদাতা।
জরিপের ফল অনুযায়ী, ৪৩ শতাংশ উত্তরদাতা ইরানে মার্কিন হামলার বিরোধিতা করেছেন। বিপরীতে ২৭ শতাংশ হামলার পক্ষে মত দিয়েছেন। এ ছাড়া ২৯ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত বলে জানিয়েছেন।
জরিপে উঠে এসেছে, শনিবার ভোরে শুরু হওয়া হামলার বিষয়ে প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জন অন্তত কিছুটা শুনেছেন—যা থেকে বোঝা যায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
আরও দেখা গেছে, যদি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা হতাহত হন, তাহলে ৫৪ শতাংশ উত্তরদাতা চলমান সামরিক অভিযানের বিরোধিতা করবেন। একইভাবে, যদি এ অভিযান বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয় এবং বহু দেশ এতে জড়িয়ে পড়ে, তাহলে ৪৫ শতাংশ এতে বিরোধিতা করার সম্ভাবনা ব্যক্ত করেছেন।
অন্যদিকে, ৪৮ শতাংশ বলেছেন, যদি এই সামরিক অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে সক্ষম হয়, তাহলে তারা সেটিকে সমর্থন করতে পারেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারে ‘অতিরিক্ত আগ্রহী’। তবে ৩৫ শতাংশের মতে, তার সামরিক শক্তি ব্যবহারের মনোভাব ‘প্রায় সঠিক মাত্রায়’ রয়েছে।











