রোববার ভোরে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানা। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়েছে। সীমান্ত অঞ্চলে আইএসআইএস-এর সহযোগী গোষ্ঠীও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, নানগারহার ও পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িঘরে আঘাত হানা হয়েছে, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। মন্ত্রণালয় এটিকে ‘আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সম্পর্কের নীতির লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।
নানগারহারের বিহসুদ জেলায় আল জাজিরার প্রতিবেদক নাসের শাদিদ জানিয়েছেন, অন্তত ১৭ জন নিহত এবং ধ্বংসস্তূপের নিচে আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। হামলার ফলে স্থানীয় ধর্মীয় কেন্দ্রেও আঘাত পৌঁছেছে।
পাকিস্তান বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কোনো সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাতে না পারে সেজন্য বারবার তালেবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেয়নি। পাকিস্তান জানিয়েছে, তারা সবসময় অঞ্চলে শান্তি বজায় রাখতে চেষ্টা করেছে, তবে নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।











