শীতের আমেজের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
এ ছাড়া আগামী পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।











