ভৌগোলিক কারণে শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলে ঠাণ্ডার প্রকোপ তুলনামূলক বেশি থাকে। চলতি মৌসুমেও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা প্রায় দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর প্রভাব পড়েছে আশপাশের জেলাগুলোতেও, ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ।
এমন পরিস্থিতিতে রংপুর বিভাগের আট জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার বিষয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।











