ডাইনোসরের পায়ের ছাপ শুধু একটি চিহ্ন নয়; এটি কোটি কোটি বছর আগের এই বিশাল প্রাণীদের জীবনযাত্রা ও আচরণ বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র। এসব ছাপ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন ডাইনোসর কত দ্রুত চলাফেরা করত, কোথায় বাস করত কিংবা কখনো সাঁতার কাটত কি না।
ডাইনোসরের পায়ের ছাপ কীভাবে এত দীর্ঘ সময় ধরে টিকে থাকে—এর ব্যাখ্যা দেয় বিজ্ঞানের একটি শাখা, যার নাম ইখনোলজি। এই শাখায় প্রাণীর জীবাশ্ম চিহ্ন, যেমন পায়ের ছাপ, লেজের আঁচড় বা চলার পথের দাগ নিয়ে গবেষণা করা হয়। এসব ছাপে প্রাণীর শরীরের কোনো অংশ থাকে না, বরং একটি নির্দিষ্ট মুহূর্তের কার্যকলাপের প্রমাণ রয়ে যায়।
বিজ্ঞান লেখক ও প্যালিওনটোলজিস্ট রাইলি ব্ল্যাকের মতে, আমরা সাধারণত পায়ের ছাপকে খুব অস্থায়ী বলে ভাবি। কিন্তু সঠিক পরিবেশে পলিমাটি এই ছাপগুলোকে দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারে। যেমন, কাদামাখা নরম মাটিতে পড়া ছাপ যদি দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যায় এবং তার ওপর নতুন পলি বা মাটি জমে, তাহলে ধীরে ধীরে তা শক্ত শিলায় পরিণত হতে পারে।
এই প্রক্রিয়াটি অনেকটা ছাঁচ তৈরির মতো। প্রথমে পায়ের ছাপ পড়ে, পরে সেটির ওপর স্তরে স্তরে পলি জমে এবং রোদ, চাপ ও ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে তা শক্ত হয়ে যায়। বছরের পর বছর ধরে এই চাপ ও পরিবর্তনের ফলেই একটি সাধারণ ছাপ রূপ নেয় কোটি বছরের জীবাশ্মে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন ঘটনা খুবই বিরল। কারণ অধিকাংশ পায়ের ছাপ দ্রুত মুছে যায় বা নষ্ট হয়ে যায়। তবে কিছু ব্যতিক্রমী পরিবেশে এই ছাপগুলো সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতের জন্য রেখে যায় প্রাচীন পৃথিবীর অমূল্য সাক্ষ্য।
বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে শত শত ডাইনোসরের ট্র্যাকওয়ে বা চলার পথের ছাপ আবিষ্কৃত হয়েছে। এসব ছাপ মূলত ভূতাত্ত্বিক সময়ের এক ক্ষুদ্র মুহূর্তের প্রতিফলন, যা আমাদের জানায় পৃথিবীতে একসময় কীভাবে প্রাণের বিশাল বৈচিত্র্য বিদ্যমান ছিল।



