এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ড খেলা হচ্ছে ‘বেস্ট অব থ্রি–সিরিজ’ হিসেবে। প্রথম ম্যাচটি ইন্টার মায়ামি ৩-১ গোলে জেতায়, আজ দ্বিতীয় ম্যাচেই কনফারেন্স সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু নাশভিলের মাঠ জিওডিস পার্কে সুযোগটা কাজে লাগাতে পারেনি লিওনেল মেসিরা। ম্যাচের ৯০ মিনিটে মেসি গোল করলেও, তার আগে দুই গোল হজম করে মায়ামি ২-১ ব্যবধানে পরাজিত হয়।
ম্যাচের শুরুতেই অর্থাৎ ৯ মিনিটে মায়ামি গোলকিপার রোকো রিওস ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এই পেনাল্টি থেকে নাশভিলের স্যাম সারিজ গোল করে দলকে এগিয়ে দেন।
এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। তাঁর মতে, সিদ্ধান্তটি বিতর্কিত এবং ভিএআরে (VAR) না যাওয়াটা অদ্ভুত ছিল।
প্রথমার্ধের শেষদিকে নাশভিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জশ বাউয়ের।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে ৯০ মিনিটে বক্সে ঢুকেই কোনাকুনি শটে বল জালে পাঠান লিওনেল মেসি, ব্যবধান কমে দাঁড়ায় ২-১।
যোগ করা সময়ে দ্বিতীয় গোলের চেষ্টা চালিয়ে গেলেও নাশভিলের জমাট রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি মায়ামির পক্ষে।
এই হারের ফলে প্লে-অফ সিরিজের মীমাংসা গড়াল তৃতীয় ম্যাচে। কনফারেন্স সেমিফাইনালে ওঠার জন্য ইন্টার মায়ামি ও নাশভিল ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে আবারও মুখোমুখি হবে। সে ম্যাচের জয়ী দলই পরের ধাপে উঠবে।

