ফেব্রুয়ারি মাস এলেই যেন চারপাশে ছড়িয়ে পড়ে ভালোবাসার আবহ। এই মাসের শুরুতেই রোজ ডে বা গোলাপ দিবসের মাধ্যমে শুরু হয় ভ্যালেন্টাইনস উইক, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে।
ভ্যালেন্টাইনস সপ্তাহজুড়ে টানা সাত দিন পালিত হয় ভালোবাসা ঘিরে নানা দিবস। প্রতিটি দিনই প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের একেকটি আলাদা উপলক্ষ।
ভ্যালেন্টাইনস সপ্তাহের দিনগুলো হলো—
৭ ফেব্রুয়ারি: রোজ ডে বা গোলাপ দিবস। প্রিয় মানুষকে গোলাপ দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশের দিন।
৮ ফেব্রুয়ারি: প্রপোজ ডে। ভালোবাসার কথা জানিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার দিন।
৯ ফেব্রুয়ারি: চকোলেট ডে। প্রিয়জনকে মিষ্টি মুহূর্ত উপহার দেওয়ার দিন।
১০ ফেব্রুয়ারি: টেডি ডে। ভালোবাসার প্রতীক হিসেবে টেডি উপহার দেওয়ার দিন।
১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে। সম্পর্কের প্রতি অঙ্গীকার ও বিশ্বাসের দিন।
১২ ফেব্রুয়ারি: হাগ ডে। আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসা ও ভরসা প্রকাশের দিন।
১৩ ফেব্রুয়ারি: কিস ডে। ভালোবাসার অনুভূতির গভীর প্রকাশের দিন।
১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।
আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। অভিমান ভাঙানো, অনুভূতি প্রকাশ কিংবা ভালোবাসার বার্তা দিতে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। যুগ যুগ ধরেই গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। লাল, গোলাপি, হলুদ, সাদা কিংবা অন্য যে কোনো রঙের গোলাপের মধ্যেই লুকিয়ে থাকে আলাদা আলাদা অনুভূতির প্রকাশ।
প্রচলিত আছে, ভিক্টোরিয়ান যুগে মানুষ প্রিয়জনকে মনের কথা জানানোর জন্য গোলাপ আদান-প্রদান শুরু করেছিলেন। সময় বদলালেও গোলাপের আবেদন আজও অটুট। তাই প্রেমের সপ্তাহের প্রথম দিনেই প্রিয় মানুষকে একগুচ্ছ গোলাপ উপহার দিয়ে শুরু করতে পারেন ভালোবাসার এই বিশেষ সময়।



